একটি নতুন দিন শুরু আজ নববর্ষের প্রাতে
নতুন সূর্য দেয় ছড়িয়ে নতুন আশার আলো
যত মলিনতা মুখ লুকালো ফেলে আসা রাতে
এই সকালে যাক মুছে সব অন্ধকারের কালো

বুকের ভেতর কে পাঠালো বন্ধু হওয়ার ডাক
ছোট্ট ছোট্ট দুঃখ-সুখে থাকল কে যে পাশে
নতুন পথে চলতে ওরাই হাতটি ধরে থাক 
আরও আপন হোক না ওরা প্রতিটি আশ্বাসে

হাওয়ার মাতন জুঁইশাখে ঐ সুবাস ছড়ায় আজ
টগর বেলির পাঁপড়ি দোলে খুশির ছোঁয়া লেগে
বৈশাখের এই সকাল বুঝি ভোলায় কঠিন কাজ
কোন সে আনন্দেতে নতুন জীবন ওঠে জেগে