উতল হাওয়া ডাক দিল আজ
দোর নাড়িয়ে ভোরে—
ওঠ্ রে খোকা, ওঠ্ রে খুকু,
ঘুমোস না আর পড়ে৷
জানিস না কি নতুন দিনে
নতুন বছর এসে,
ছড়িয়ে দিল আশার আলো
প্রসন্নতায় হেসে?
সেই আলোতে আঁধার ঘুচে
জীর্ণ হলে দূর,
শুকনো পাতা জানিয়ে বিদায়
বাজাচ্ছে নূপুর৷
এরপরও কি চোখ না মেলে
থাকবি শুয়ে চুপ,
দেখবি না এই নতুন দিনের
সাজটি অপরূপ?
ওঠ্ রে ত্বরা, জড়তা সরা;
চল্ রে ছুটে চল্—
নবীনবরণ করতে সবাই
পথে নামাই ঢল!
