ঢোলক বাজে ডমরু বাজে 
বর্ষ শেষের গানে,
ক্লান্ত ডানায় ফিরছে পাখি
চৈত্র অবসানে। 

পয়লা বোশেখ এলো দ্বারে
নতুন বছর শুরু,
কী জানি কী হবে ভয়ে
বুকটা দুরু দুরু!

নিমের শাখায় ফুল ফুটেছে
সজনে গাছে ডাঁটা,
পুরোনো সব ময়লা ফেলে
পড়ল ঘরে ঝাঁটা।

চড়ক মেলা, শিবের গাজন
দেখা হ'ল কালই,
নতুন বছর এসেছে যেই 
খুশি পীযূষ, আলি।

গোষ্ট মেলায় মানুষের ঢল
ঘুরছে নাগরদোলা,
চপ জিলিপি পাপড় গজা 
দেখেই লাগে নোলা।

পুরোনো দিন হয় অবসান
চোখের জলে ভেসে,
প্রত্যাশা থাক লোকের ভালো 
হবে নিশ্চয়ই দেশে।

নতুন সূর্য দেখবে সবাই
পয়লা বোশেখ ভোরে,
খাওয়া দাওয়া চলবে দেদার
নতুন জামা পরে।