গাছ আমাদের প্রাণ,
অক্সিজেন দিয়ে সে সবার
রক্ষা করে জান।
খাই যে কত ফল,
প্রখর গ্রীষ্মে দেয় আমাদের
ছায়া সুশীতল।
পাই যে কত ফুল,
ওষধি হয় লতা-পাতা,
গাছের বাকল, মূল।
দেয় আমাদের কাঠ,
ফার্নিচারে ঘর সাজাই আর
বানাই শোওয়ার খাট।
গাছ কমায় দূষণ,
তাই তো সবাই ভালো থাকি
সুস্থ দেহ-মন।
রোধে ভূমিক্ষয়,
গ্রাম-নগর, জনবসতি—
জীবন রক্ষা হয়।
গাছ যে মেঘকে ডাকে,
বৃষ্টিধারায় সিক্ত ধরা
শস্যশ্যামল থাকে।
গাছ যে বন্ধু সুজন,
তাই তো বলি, গাছ কেটো না,
করো বনসৃজন।
