গাছের কথাও একটু ভাবো, প্রাণ ওদেরও আছে,
বাঁচলে ওরা, জগৎজুড়ে সকল প্রাণীই বাঁচে।
গাছের কথাও জানো, ওরা ধরার আদি প্রাণ,
প্রকৃতির হাসিখেলায় আছে ওদেরও অবদান।
দিয়েছে ফুল, দিয়েছে ফল বৃক্ষশাখা জুড়ে,
শুদ্ধ বাতাস দিয়েছে গাছ বুকের ভিতর পুরে।
শস্য, বস্ত্র দিয়ে আদিম থেকে আধুনিকে
এগিয়ে দিল সভ্যতাকে নতুন আলোর দিকে।
সরিয়ে ওদের গড়ছ কেবল সুউচ্চ সব বাড়ি,
না থাকলে গাছ, পাখপাখালির সঙ্গে হবে আড়ি।
বৃষ্টিধারা ঝরবে না আর, জগৎ হবে মরু,
নবীন শিশুর জন্য বাঁচাও প্রাচীন যত তরু।
মাটিকে গাছ আঁকড়ে থাকে আজও মায়ের মতো,
তবুও তার শরীরে দাও আঘাত শত শত।
চুপটি করে সয় সে, তাকে মারছ প্রতিদিনই,
বৃক্ষমাতার কাছে তুমি চিরকালের ঋণী।
