১৫ই আগস্টে স্কুলে পতাকা
তোলা হলে—
লজেন্স, লাড্ডু নিয়ে বাড়ি ফিরল তমাল।
লুচি, তরকারি, জিলিপি
দিয়ে জলখাবার খেয়ে—
পুরো বাড়ি মাথায় করল সারা সকাল।
মা বকেন, বাবাও বকেন,
ঠাম্মি বলেন, থামো,
শেষে দাদু বলেন, ও কী করো, সোনা?
তমাল বলে, আজ যে দাদু
স্বাধীনতা দিবস—
করব যা ইচ্ছে, মন যা চায়, করবে না কেউ মানা।
দাদু বলেন, তাই শুনে,
এই তো করলে ভুল—
স্বাধীনতা মানেই কিন্তু যা ইচ্ছে তাই করা
নয়।
নিজের ইচ্ছে পূরণ করো,
অন্যের অসুবিধা না করে,
সেখানেই তো স্বাধীনতা দিবসের সার্থকতা,
স্বাধীনতার জয়।
