ইচ্ছা হলেই পেতাম যদি
পক্ষিরাজের ডানা,
সাগরপারে যেতাম চলে,
করত না কেউ মানা।

হলুদ পাখির মতোই আবার
উড়তে পেতাম যদি,
পাহাড় ঘুরে আনতে পারি
ছোট্ট সে এক নদী।

আকাশ নীলে হতাম যদি
সাদা মেঘের ভেলা,
আগমনী সুর শোনাতাম
শিউলি শরৎবেলা।

বন-বনানীর ছায়া হতাম
আমার কুটির ঘিরে,
মায়ের সাথে বাবাও তবে
আসত এবার ফিরে।