আমি এক ছোট্ট শিশু, আমি এক ফুলের কুঁড়ি,
রঙিন এক প্রজাপতি, ডানা মেলে কেবল উড়ি।
রাজকোষে যেমন হীরে, মা'র বুকে রতন আমি,
তার চেয়ে বেশি আরও, তার চেয়ে আরও দামি।
ভালোবাসি নীল আকাশে পাখিদের ডানা মেলা,
আমার এই ছোট্ট ভুবন জুড়ে চলে গো শুধুই খেলা।
কখনও মেঘ হতে চাই, বৃষ্টি হতে চাই যে কখন,
পুতুলের ঘর গড়ে দিই, ইচ্ছে হলেই যখন তখন।
দেখ, নীল আকাশটা আজ ঢাকল যত ধুলোবালি,
গাছেদের সবুজ মুছে, পাতায় পাতায় কেবল কালি।
ইচ্ছেঘুড়ির কাটল সুতো, নামছে নিচে গোত্তা খেয়ে,
কিচিরমিচির ভুলে পাখি অবাক হয়ে রয় যে চেয়ে।
স্বাধীন দেশের শিশুর মনে কেন এত ভয়ের মেলা?
কেন দেখি যুদ্ধ এত? বড়দের এ কেমন খেলা?
দিনরাত অস্ত্র শানায়, ভুলে গিয়ে সেই কথাটি,
মৃতদের জন্য কাঁদে এই পৃথিবীর বুকের মাটি।
কাঁদে আকাশ, তাই তো দেখ, বৃষ্টির জল লোনা এত,
ফুল তাই ঝরে পড়ে, নইলে গাছেই রয়ে যেত।
মনের ভিতর কান্না জমে যেমন বরফ পাহাড়চূড়ে,
খুশির ঘরে কাটাকুটি, দুঃখ শুধু ভুবন জুড়ে।
এমন করে কি হবে আর? এসো না, সব ঝগড়া ভুলি,
শান্তির পায়রা আঁকি, রঙে নিই ভিজিয়ে তুলি।
স্বাধীনতায় বাঁচতে হলে মিলতে হবে সবার সাথে,
বন্ধু হয়ে থাকব এবার, মিলিয়ে হাত সবার হাতে।
