বক্সিগঞ্জের বড়বাবু
গুপী কান্ত ধারা,
গিয়ে চীনে আনেন কিনে
টাকা গাছের চারা।
কর্তা এসে বসে কাছে
বলেন গিন্নির কানে,
তুমি ছাড়া টাকার চারা
কেউ যেন না জানে!
খুব গোপনে, সন্তর্পণে
সেই চারাটি নিয়ে,
বাগান ধারে গাছের আড়ালে
পুঁতে আসেন গিয়ে।
অফিস শেষে বাসায় এসে
নিশুতি রাতে রোজ,
করেন গুপী চুপিচুপি
সেই চারাটির খোঁজ।
বড় হয়ে সেই চারাতে
ফুটল যখন ফুল,
ধরবে টাকা থোকা থোকা,
আনন্দে মশগুল।
ফুল ফোটে আর ঝরে পড়ে,
গাছ হয়ে যায় ফাঁকা,
গুপী বাবু হলেন কাবু,
গচ্চা লক্ষ টাকা।
