ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত না কষ্ট করে,
প্রাণ দিয়েছেন লাখো ভারতীয় দেশমুক্তির তরে।

প্রায় দুশো বছর ডুবে ছিল ভারতের সূর্যখানা,
ছলচাতুরিতে গোরা পল্টনের দল গড়েছিল আস্তানা।

তারপর একে একে কত বিদ্রোহ, কত না অভ্যুত্থান,
যুদ্ধে নেমেছেন বীর বিপ্লবী রাখতে দেশের মান।

নেতাজি সুভাষ, বিনয়-বাদল-দীনেশ, আরও কত যে বীর,
শপথ নিয়েছেন, করবই স্বাধীন—তাঁদের লক্ষ্য স্থির।

দীর্ঘদিনের প্রচেষ্টা আর লাখো সন্তানের বলিদানে,
১৫ আগস্ট স্বাধীন হয়েছি বীর শহীদের অবদানে।

শুধু তাঁরা চাননি তো ব্রিটিশ শক্তিকে তাড়াতে,
মনে প্রাণে চেয়েছিলেন তাঁরা সোনার ভারত গড়তে।

তাঁদের স্বপ্ন পূরণ করতে আমরা শপথ করি,
সুখ-শান্তি-সমৃদ্ধি ভরা শ্রেষ্ঠ ভারত গড়ি।